Sunday, September 3, 2023

https://youtube.com/shorts/S1dElcrDxhw?si=bkNieat3vNSPQFYT রুইমাছের কালিয়া: ভিডিওশর্টস নিচের লিংক https://youtube.com/shorts/S1dElcrDxhw?si=bkNieat3vNSPQFYT রেসিপি : রুইমাছের টুকরো ভেজে নিতে হবে। এক কাপ পেঁয়াজকুচি সাথে ৩/৪টে কাঁচামরিচ তেলে ভেজে নিতে হবে। তারপর সামান্য ঘি,সামান্য আদা বাটা, হলুদ-মরিচ, ধনিয়া, জিরার গুড়া, লবণ স্বাদমতো,২টা তেজপাতা ছিঁড়ে নিতে হবে,এক কাপ ফেটানো টকদই, সামান্য চিনির মিশ্রণ তৈরি করে ভাজা পেঁয়াজকুচির সাথে নেড়েচেড়ে ভাজামাছগুলো দিয়ে সামান্য জল দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে মজাদার রুইমাছের কালিয়া। খুবই সুস্বাদু এই রেসিপিটি একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।

Monday, June 19, 2023

ভাবছি আমি একা বসে তুমি আছো কই
ঠিকানা তোমার হারিয়ে গেছে খুঁজে পাবো কই
মন মন রে মন মন রে।।

মেঘমেদুরের দেখা পেয়ে, 
লিখেছি চিঠি তোমায় নিয়ে
অল্প কথার গল্প দিয়ে,
 কল্পনার রঙ মেখেছি যে।
মন মন রে মন মন রে।।

কত বসন্ত গেছে চলে
পার্কের বেঞ্চটায় একা বসে।
দূর্বাদলগুলো চেয়ে আছে
শুধু তোমার স্পর্শের অপেক্ষাতে।।
মন মন রে মন মন রে।।

কোন সুদূরে গেলে পাবো,
 পলকে দেখা ঐ মুখখানি
আরশিতে আঁকি আলপনা তার,
কল্পনায় স্বপ্নবুনি।
মন মন রে মন মন রে।।

স্বরচিত আধুনিক গান
কথা ও সুর :অনিন্দিতা দেব( ৬ই মে,২০২৩)
তেওড়া তাল (৩/২/২ছন্দে)

Monday, May 29, 2023

ছন্দগাঁথা

 ছন্দগাঁথা 

অনিন্দিতা দেব


সেকি ছন্দ,

নির্মলানন্দ 

কোথা হতে এলো, 

কোথা চলে গেল। 

কী যে কষ্ট,সে যে রুষ্ট

তবু দুষ্ট, করে ভ্রষ্ট পথমাঝ।

ফিরে ফিরে দেখা 

মুখে নাহি কথা।

মনে মনে অহরহ 

নাহি দিবা,নাহি রাত্র  

অগোচরের কথা 

কয়ে যায় কত।। 


বাংলাদেশ

অনিন্দিতা দেব

 তোমার ভাষায় কথা বলি
ও মা তোমার ভাষায় লিখি।
এই বাংলার মাঝে বাঁচি আমি
আর কবিতার ছন্দ বুনি।
বাংলাতে লিখি গান 
 আবার চুপিসারে গেয়ে যাই 
এই বাংলা আমার প্রাণ
বাংলা আমার প্রাণ।। 

ঘুম পাড়ানিরা ঘুম দিয়ে যায়
অবুঝ শিশুর চোখে
প্রভাতে ভাঙে যে সেই ঘুম 
আমার বাংলাদেশের বুকে।
লাখো শহীদ জেগে আছে আজো 
কোটি বাঙালির প্রাণে
স্মরণ করি তাদের আজো
 কবিতা আর গানে
কবিতা আর গানে।।
২৯/৫/২০২৩



তুমি এসেছিলে বলে

 তুমি এসেছিলে বলে

পেয়েছি প্রিয় স্বাধীনতা।
তুমি এসেছিলে বলেই
বলি বাংলায় মোরা কথা।
শুধিব কী করে তোমার এ ঋণ?
ওগো জাতির পিতা--
শুভ জন্মদিন, শুভ জন্মদিন।

আকাশ বাতাস পথে প্রান্তরে
শুনি শুনি ওই বিজয় ধ্বনি
মুজিব তোমার আহবানে
বেজেছিল তার প্রতিধ্বনি।

তুমি এনেছো স্বাধীনতা
বলো না বলো,
কী দিয়ে শুধিব তোমার এ ঋণ?
ওগো জাতির পিতা-
শুভ জন্মদিন, শুভ জন্মদিন।।

অনিন্দিতা দেব(১৭/৩/২০২৩)  ১:৪৫

অন্তর্দাহ

 অন্তর্দাহ

অনিন্দিতা দেব(৬/১২/২০২১)

বর্ষণ হোক তোমার মনে
বর্ষণ হোক তোমার চোখে।
হৃদয় পোড়ানোর পাপে,
হোক তোমার ক্ষয়।
সৃষ্টিতে বিচ্ছিন্ন আত্মার মত,
হোক তোমার লয়।
বিন্দু বিন্দু চোখের জলের অভিশাপে
যখন তুমি হবে দগ্ধ!
ঠিক সেদিন আসবো আমি
তুমি হবে নিস্তব্ধ।


শিলা

 শিলা

অনিন্দিতা দেব
(৯/১২/২০২১)

কে তুমি এমন পাগলপারা?
পাষাণের দেয়াল ভেদ করে
কী চাও তুমি?
আমার যে তোমাকে দেবার কিছুই নেই,
সত্যি বলছি, কিচ্ছুটি নেই।
বোঝো না?
কঠিন শিলায় কখনো ফুল ফোটে?
হ্যাঁ,আমি সেই  শিলা-
রোদ- বৃষ্টি-ঝড়ে সদা নির্লিপ্ত।
অযথা আমায় টেনে কী লাভ, বলো তো?
যাও, যাও আর ফিরে এসো না।
আঘাতে আঘাত পাবে শুধু,
পিছু ফিরে চেয়ো না।

বন্ধু


বন্ধু

অনিন্দিতা দেব


দূরত্ব যতই থাক না কেন

তোরা ছিলিস তোরা আছিস

তোরাই থাকবি মনের মাঝে....

যদি বন্ধু হয়ে হাতটা দিস বাড়িয়ে
সময় তো কিছু নয়, আমি থাকবো দাঁড়িয়ে।
বন্ধু তোর হৃদকোণে একটু জায়গা দিস
মনে রাখবো তোরে, যদিও  মনে না রাখিস।

সময় বড্ড অভিমানী, চলে গেলে আর আসে না যে
তোর -আমার হাতের মুঠোয় একটু যদি থাকতো সে।
কত পথ চলার ছিল বাকী
মেঘেরা হতো কত কথার সাক্ষী
দিঘির ধারে পদ্মপাতায়
এঁকে দিতাম সে ছবি।
একটা তুই ছিলিস,একটাই তুই আছিস
থাকবি এমনই হৃদয়ের কাছাকাছি।

বাণী

✏️আজকে কাউকে ঠকালে,কাল সেটা তোমার কাছে আসবে না,সেটা ভেবো না।কারণ আজ যাকে তুমি ঠকাচ্ছো,তার মনের কষ্টটা হয়তো কালকে তোমার কাছে দ্বিগুন হয়ে ফিরবে..
✏️ আজকের কাজ আজকেই করো,কাল কী হবে তা কেউই জানি না।
✏️ গরীবকে ঠকিও না, অসহায় লোকের হায় নিয়ে বেশিদূর এগুতে পারবে না।
✏️ কারো কাছে এক টাকাও ঋণী থাকলে তা যত তাড়াতাড়ি সম্ভব পূরণের চেষ্টা করো,কে জানে কাল কী হবে?
✏️জন্মানোর পর মৃত্যুর থেকে বড় শক্তি কিছু নেই।তাই প্রতিটি দিন জীবনের শেষ দিন ভেবে ভালো কাজ করা উচিত।
✏️ তোমার যা আছে তা থেকেই নীরবে দান করো,কারণ নীরব দান স্রষ্টার সন্তুষ্টি বিধান করে।
✏️দান করে তা সবাইকে বলে বেড়ালে দানের গুণ থাকে না।
✏️একটা সময় স্রষ্টার কাছে আমাদের সবাইকেই কাজের হিসাব দিতে হবে।
আসুন, ঘুমানোর আগে আজ থেকেই না হয় প্রতিদিনের কাজের হিসাব স্রষ্টার প্রার্থনায় বলি।তাহলে খারাপ কাজ করা অনেকাংশে কমে যাবে।